করোনা ঠেকাতে বাংলায় চলছে কার্যত লকডাউন। আর তারই সুফল মিলছে ক্রমশ। প্রতিদিন ক্রমশ কমছে সংক্রমণ। ব্যতিক্রম হল না মঙ্গলবারও। বেড়েছে রাজ্যের সুস্থতার হারও। ৩৫ দিন পর রাজ্যে দৈনিক মৃতের সংখ্যা একশোর কম।
মঙ্গলবার রাজ্য স্বাস্থ্যদপ্তরের দেওয়া বুলেটিন অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত হয়েছেন ৫,৪২৭ জন। এর মধ্যে কলকাতায় একদিনে আক্রান্ত ৫২৮ জন। সংক্রমণের অবশ্য কলকাতাকে ফের ছাপিয়ে গেল উত্তর ২৪ পরগনা। একদিনে সেখানে ১,১০৯ জনের শরীরে মারণ ভাইরাসের হদিশ মিলেছে। দক্ষিণ ২৪ পরগনায় একদিনে সংক্রমিতের সংখ্যা ৩৪১। হাওড়া ও হুগলিতে একদিনে আক্রান্ত যথাক্রমে ৩০২ ও ২৪৪ জন।
উদ্বেগে রয়েছে রাজ্যের অন্যতম পর্যটনস্থল দার্জিলিং। ২৪ ঘণ্টায় পাহাড়ে ২৪৮ জন করোনা পজিটিভ হয়েছেন। ফলে রাজ্যে মোট করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে হল ১৪ লক্ষ ৩৭ হাজার ৪৪৬ জন। একদিনে রাজ্যে মৃতের সংখ্যা ৯৮ জন। এখনও পর্যন্ত রাজ্যে ১৬ হাজার ৪৬০ জনের মৃত্যু হয়েছে করোনায়।
গত ২৪ ঘণ্টাতেই করোনা থেকে সুস্থ হয়ে উঠেছেন ১২ হাজার ২৯০ জন। এ নিয়ে মোট ১৪ লক্ষ ১ হাজার ৬১ জন করোনা থেকে মুক্ত হয়েছেন। বর্তমানে সুস্থতার হার ৯৭.৪৭ শতাংশ। সুস্থতার হার বাড়ার পাশাপাশি রাজ্যে কমছে অ্যাকটিভ কেসের সংখ্যাও। বর্তমানে করোনায় চিকিৎসাধীন ১৯ হাজার ৯২৫ জন।

No comments:
Post a Comment