শীতলকুচির ১২৬ নম্বর বুথে যে চিহ্ন মিলেছে, সেটি রাইফেলের, জানালো ফরেনসিক ব্যালেস্টিক টিম। সূত্রের খবর, দীর্ঘ পরীক্ষা নিরীক্ষার পর প্রাথমিক ভাবে ফরেনসিক ব্যালেস্টিক টিম এই তথ্যই দিলো CID-কে। কিন্তু প্রশ্ন উঠছে, বাইরে গন্ডগোল হলে বুথে গুলি চললো কি করে ?
সম্প্রতি শীতলকুচি বিধানসভার জোড়পাটকির ১২৬ নম্বর বুথে যান তদন্তকারীরা। শুধু ঘটনাস্থল পরিদর্শন করাই নয়, ঘটনার পুর্ননির্মাণও করা হয়। রাজ্য গোয়েন্দা সংস্থার অনুমান ছিল, ঘটনার দিন বুথ লক্ষ্য করে গুলি চালিয়েছিল কেন্দ্রীয় বাহিনী। দরজা ভেদ করে গুলি লাগে ব্ল্যাকবোর্ডে! এমনকী, সেদিন ব্ল্যাকবোর্ডে একটি চিহ্ন পাওয়া যায় বলে জানা গিয়েছে। এরপর প্রায় দু'মাস পর CID-র অনুমানে কার্যত শিলমোহর দিল ফরেনসিক ব্যালেস্টিক টিম।
গতকাল সকালে শীতলকুচি বিধানসভার জোড়পাটকির ১২৬ নম্বর বুথে ঢোকেন ব্যালেস্টিক টিমের তিন সদস্য। বুথ ও আশেপাশের এলাকা পরিদর্শন করেন তাঁরা। জানা গিয়েছে, প্রাথমিকভাবে CID-কে জানানো হয়েছে, স্কুলের দরজা ও ব্ল্যাকবোর্ডে যে গুলি চিহ্ন মিলেছে, তা রাইফেলের।
প্রসঙ্গত, ১০ এপ্রিল, রাজ্যের চতুর্থ দফার ভোটের দিন উত্তপ্ত হয়ে ওঠে কোচবিহারের শীতলকুচি। জোড়পাটকির ১২৬ নম্বর বুথে ব্যাপক গণ্ডগোল শুরু হয়। গণ্ডগোল থামাতে গিয়ে গুলি চালায় কেন্দ্রীয় বাহিনী। অভিযোগ, বাহিনীর গুলিতে চারজনের মৃত্যু হয়। কেন্দ্রীয় বাহিনীর তরফে দাবি করা হয়েছিল, সেদিন ভোটগ্রহণ চলাকালীন বুথের বাইরে ব্যাপক গন্ডগোল শুরু হয়। পরিস্থিতি এতটাই উত্তপ্ত হয়ে ওঠে যে, আত্মরক্ষার জন্য গুলি চালাতে হয়। কিন্তু রাজ্য গোয়েন্দা সংস্থার অনুমান অনুযায়ী, বুথের ভিতর গুলি চালানো নিয়ে ওঠে প্রশ্ন। শুরু হয় ঘটনার কাটাছেঁড়া।

No comments:
Post a Comment