নিউটাউন শ্যুটআউট কাণ্ডে এবারে ফ্ল্যাটের মালিকের খোঁজ শুরু করেছে কলকাতা পুলিশ। নিউটাউনের অভিজাত এলাকায় কিভাবে ফ্ল্যাট ভাড়া নিল ভুল্লাররা সেই খোঁজে নেমেছে পুলিশ। পাশাপাশি দুষ্কৃতীদের ‘লোকাল মডিউল’ নিয়েও যথেষ্ট ওয়াকিবহাল পুলিশ বাহিনী। বুধবার রাত থেকেই ফ্ল্যাটের মালিকের খোঁজ শুরু হয়েছে। কে বা কাদের মাধ্যমে ফ্ল্যাট ভাড়া নিয়েছিল জয়পাল-জসপ্রীত, তাও খুঁজে দেখা হচ্ছে।
পুলিশ সূত্রে খবর, মে মাসের শেষের দিকে ঝাড়খণ্ডের সীমানা পার করে এ রাজ্যে ঢুকেছিল দুই গ্যাংস্টার। লুধিয়ানায় কুখ্যাত এক অপরাধী ভরত কুমার তাদের জন্য এই রাজ্যের ভুয়ো নম্বর প্লেটের গাড়ির ব্যবস্থা করে দিয়েছিল। সে-ই তাদের কলকাতার বাসিন্দা এক আত্মীয়ের কাছে পাঠায়। ওই আত্মীয়ই সাপুরজিতে ফ্ল্যাট ভাড়ার ব্যবস্থা করে। সেই আত্মীয়কেও পুলিশ খুঁজছে। পুলিশের আরেকটি সূত্রের দাবি, অনলাইন সাইটের মাধ্যমে ফ্ল্যাট ভাড়া নিয়েছিল জয়পাল-জসসি। স্থানীয় এক ব্রোকারের সঙ্গে অনলাইনেই যোগাযোগ হয় তাদের। সেই ব্রোকারের খোঁজ চালাচ্ছে পুলিশ।
এদিকে ফ্ল্যাটের মালিকের হদিশ মিলেছে। নিউটাউনের ছাতনা এলাকায় বাড়ি তাঁর। মালিকের সঙ্গে কথা বলবে পুলিশ। সেখান থেকেই অনেকগুলি বিষয় স্পষ্ট হবে বলে দাবি পুলিশের। তবে পুলিশ সূত্রে খবর, এই দুই গ্যাংস্টারের সঙ্গে কোনওদিনই সরাসরি যোগাযোগ হয়নি মালিকের। জনৈক ‘সুমিত কুমার’ নামে ভাড়া নেওয়া হয়েছিল ফ্ল্যাটটি। কে এই সুমিত কুমার, খোঁজ চালাচ্ছে পুলিশ।

No comments:
Post a Comment