কাঁচা আম দিয়ে চিকেন কারি এইভাবে রাঁধলে সবাই আঙ্গুল চেটে খাবে
দিক্সা দাস, ১১জুন: কাঁচা আম দিয়ে গরমের স্পেশাল চিকেনকারি রেঁধে দেখেছেন কখনও? গরম ভাতের সঙ্গে খেতে দারুণ লাগে এই রেসিপি। তাহলে দেরি কেন চলুন জেনে নিন রেসিপিটি।
কারি রান্নার জন্য প্রয়োজনীয় উপকরণ : চিকেন, লেবুর রস, নুন, সরষের তেল, রসুন ও কাঁচা লঙ্কা বাটা, কাঁচা আম, পেঁয়াজ কুচি, গোটা গরম মশলা, শুকনো লঙ্কা, ম্যাগি মশলা, চিনি, আমের আচার।
রান্নার পদ্ধতি : প্রথমে মাংসটাকে ভাল করে ধুয়ে নিয়ে এরমধ্যে কিছুটা পরিমাণ লেবুর রস, সামান্য নুন, সর্ষের তেল, রসুন এবং কাঁচা লঙ্কা বাটা, থেঁতো করা আম দিয়ে ভাল করে ম্যারিনেট করে নিন। এবার কড়াইতে তেল গরম হতে দিন। তারপর এর মধ্যে পেঁয়াজ কুচি, শুকনো লঙ্কা এবং গোটা গরম মশলা একসঙ্গে ভেজে নিন।
রান্নার পরবর্তী ধাপে ম্যারিনেট করে রাখা মাংসটাও এর মধ্যে দিয়ে দিতে হবে। এবার এর মধ্যে কিছুটা পরিমাণ ম্যাগি মশলা দিয়ে মাংসের সঙ্গে খুব ভালভাবে মশলাটা কষিয়ে নিতে হবে। ভালভাবে মশলা কষানো হয়ে গেলে এবার এর মধ্যে স্বাদমত চিনি এবং একটু জল দিয়ে কষিয়ে নিন।
যদি মাংসের মধ্যে কাঁচা আমের আরও সুগন্ধি চান তাহলে এর মধ্যে হাফ চামচ পরিমাণ আমের আচারও দিতে পারেন। এবার সমস্ত উপকরণ ভাল করে কষানো হয়ে গেলে যখন রান্নাটা বেশ মাখামাখা হয়ে আসবে তখন নামিয়ে নিন আর গরম গরম ভাতের সঙ্গে পরিবেশন করুন গরমের কাঁচা আম দিয়ে স্পেশাল এই চিকেনের রেসিপি।

No comments:
Post a Comment